Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০২ আগস্ট ২০২৬ | ০১:৪১ অপরাহ্ন

সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

বিজয় বাংলা ০২ আগস্ট ২০২৬

দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সাবেক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫০) আটক করেছে বিরল থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তার শ্যামলীর সাত বছর বয়সের একটি ছেলে ও চার বছর বয়সের একটি মেয়ে রয়েছে।

আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।

এ সময় শ্যামলীর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মেয়ের নানী মোমিনা বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে মারার চেষ্টা করেছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ছবি