দেশের দুই জেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন এবং বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৭ দিনমজুর নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।
সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, দিকে ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়ায়। আহত অন্তত ১৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনা দুটির কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।