Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা, মা-ছেলে দুজনেরই জিপিএ-৫

জেসিকা শেখ Both mother and son have GPA-5

বিয়ের পর আর পড়ার টেবিলে বসতে পারেননি সাদিয়া বেগম। স্বামী-সংসার, সন্তান লালন-পালনসহ নানা দায়িত্বের মধ্যেও নিজের পড়াশোনার স্বপ্নকে হারিয়ে যেতে দেননি তিনি। ছেলের পড়ালেখার খোঁজ রাখার পাশাপাশি নিজেও বই খুলে পড়েছেন। ছেলের পাশাপাশি নিজেও নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি। বয়সের ব্যবধানকে পাত্তা না দিয়ে দীর্ঘ বিরতির পর এবার ছেলের সাথে বসেছিলেন এসএসসি পরীক্ষায়।


সোমবার (১০ আগস্ট) রেজাল্ট প্রকাশের পর দেখা যায়, মা ও ছেলে দুজনই পেয়েছেন জিপিএ-৫। ফলে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে। ফল প্রকাশের পর স্বজন ও পরিচিতজনেরা মা ও ছেলেকে অভিনন্দন জানাচ্ছেন।


সরকারি কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সাথে সাদিয়া বেগমের বিয়ে হয়েছিল ১৯ বছর আগে। দুই ছেলের মা সাদিয়া চলতি বছর রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (কারিগরী) পরীক্ষায় অংশ নেন। আর ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সোমবারের রেজাল্টে দেখা যায়, তানভীর পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। আর তার মা পেয়েছেন জিপিএ-৫।


সাদিয়া বেগম বলেন, ‘বছর দুয়েক আগে সিদ্ধান্ত নিলাম ছেলের সঙ্গে পরীক্ষা দেব। পরিবারের সম্মতিতে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত থেকেই চলতি বছর ছেলে আর আমি এসএসসি পরীক্ষায় অংশ নিই।’


নিজের সাফল্যের পাশাপাশি ছেলের ফলাফল নিয়ে সাদিয়া বললেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সংসার সামলিয়ে ও দুই ছেলের পড়ালেখার খোঁজখবর রাখার পাশাপাশি নিজে পড়ালেখা করে জিপিএ-৫ পেয়েছি। সঙ্গে ছেলের গোল্ডেন জিপিএ-৫। মা-ছেলের এমন সাফল্যে আমার পুরো পরিবার আনন্দিত।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news