
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান ও পোনামাছ অবমুক্ত করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বদলগাছীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিতে মাছ চাষে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মৎস্য চাষিরা যাতে উৎপাদিত মাছের ন্যায্য মূল্য ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারি খাস পুকুর প্রভাবশালীদের দখলে বা লিজে চলে যাওয়ার কারণে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে প্রকৃত মৎস্যজীবীদের হাতে সরকারি খাস পুকুর লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দেশীয় মাছ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, কারেন্ট জালসহ নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মৎস্যসম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বদলগাছীতে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান এবং চঞ্চল হ্যাচারির স্বত্বাধিকারী চঞ্চল হোসেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, মৎস্যজীবী, হ্যাচারি মালিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।