
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিতেছে বাংলাদেশ দল। ঐতিহাসিক জয় পাওয়ার পর চারদিকে প্রশংসার জোয়ারে ভাসছে টাইগার ক্রিকেটাররা। এরমধ্যেই আলোচনায় কত টাকা বোনাস পাবেন ক্রিকেটাররা। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
মিরপুরে গণমাধ্যমকে তামিম বলেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’
এই জয় একটি বড় বার্তা দিবে বাংলাদেশ। এখন থেকে বড় দলও ডাকবে জানিয়ে তামিম বললেন, ‘এটি আমাদের দায়িত্ব। আগামী মাসে এফটিপি মিটিং হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে কনভিন্স করে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর সঙ্গে খেলার চেষ্টা করব।’
চলতি মাসে ভারতে গিয়েছিলেন তামিম সেখানকার ক্রিকেট সেন্টার দেখতে। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কয়েকজন পরিচালকসহ ভারতে গিয়েছিলাম। সেখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা গিয়েছিলাম তাদের এক্সিলেন্স সেন্টার দেখার জন্য। আমরা পূর্বাচলে একটি এক্সিলেন্স সেন্টার করব, তাই বিশ্বের অন্যতম সেরা এই সেন্টারটির সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখেছি।’
‘আমাদের যা প্রয়োজন আমরা সেগুলোতে ফোকাস করেছি। কাজ শুরু হলে আমরা আইডিয়াগুলো শেয়ার করতে পারব। মূলত একারণেই যাওয়া।’