রাজশাহীর উৎপাদিত তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর চাষিরা উৎপাদিত মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন।
তিনি বলেন, বাংলাদেশ মৎস্য খাতে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো মৎস্য উৎপাদনের শ্রেণিতে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহী কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ভূমিমন্ত্রী। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আনম ড. এ এন এম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়েজুল কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।