
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন তারা।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই রুয়েট শিক্ষার্থীদের সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি করপোরেশনের প্রকৌশল কার্যক্রম, নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। একই সঙ্গে তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়বে।
রাসিক প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশন শুধু নগরবাসীকে সেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান ও দক্ষতা বিকাশেও এর ভূমিকা রয়েছে। রুয়েটের সঙ্গে রাসিকের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো রুয়েট শিক্ষার্থীরা রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, সিটি করপোরেশনে কাজের বাস্তব পরিবেশ সম্পর্কে জানার সুযোগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে।
শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, রুয়েটের শিক্ষার্থীদের জন্য এটি প্রথমবারের মতো এমন সুযোগ। ফলে তাদের মধ্যে উৎসাহ ও আনন্দ তৈরি হয়েছে। বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের এই সুযোগ ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাসিক সূত্রে জানা গেছে, ইন্টার্নশিপে অংশ নেওয়া ১৮ শিক্ষার্থী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সরাসরি কাজ শেখার সুযোগ পাবেন তারা।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় দক্ষ প্রকৌশলী তৈরিতেও ভূমিকা রাখতে পারে।