Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়েছে বিদ্যুৎ-ইন্টারনেট-ডিসের তার

জেসিকা শেখ Electric pole fire

রাজশাহী মহানগরীর মোন্নাফের মোড় এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ থেকে ছয়টি পোলের বৈদ্যুতিক তারসহ ইন্টারনেট ও ডিসলাইনের বিপুল পরিমাণ তার পুড়ে গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন ধরনের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে থাকা তারগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এক খুঁটি থেকে আগুন পাশের খুঁটিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোন্নাফের মোড়ের ব্যবসায়ী ইদ্রীস আলী বলেন, “ভোরে দোকান খোলার সময় দেখি তারে আগুন জ্বলছে। অনেকেই বলেছেন, এর আগেও কয়েকবার বিদ্যুতের তারে ফায়ারিং হয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলোতে অনেক ডিস ও ইন্টারনেটের তার ঝুলিয়ে রাখা হয়েছে। আগুন লাগার পর এক পোল থেকে অন্য পোলে ছড়িয়ে যায়।”

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং দুই লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুব্রত দাস বলেন, “মোন্নাফের মোড়ে বিদ্যুতের তারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা তারে ফায়ারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news