Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর সাবেক মেয়রসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :- Arrest warrants issued against 34 people, including former mayor

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানিতে তিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ট্রাইব্যুনালে তিনটি ভিডিও উপস্থাপন করেন। প্রসিকিউশনের দাবি, ভিডিওগুলোতে কয়েকজন আসামিকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় এবং তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।


শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তার থাকা আসামিদের জন্য প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন মঞ্জুর করা হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।


চারজনকে হাজিরের নির্দেশ:-

প্রোডাকশন ওয়ারেন্ট জারি হওয়া চারজন হলেন- রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মো. আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।


অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৩৪ জনের মধ্যে রয়েছেন সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমানসহ অন্যরা।

এর আগে গত ৩০ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তা আমলে নিলেন ট্রাইব্যুনাল।


যেসব ঘটনার অভিযোগ:-

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিব নিহত হন।

এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেক মানুষ আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শেখেরচক স্বচ্ছ টাওয়ার, শাহ মখদুম কলেজ, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড়সহ আশপাশের এলাকায় সংঘটিত এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news