Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ আগস্ট ২০২৬
০৭:১১ অপরাহ্ন

সরিয়ে ফেলা হলো ডিসি অফিসের সামনের সেই বিলবোর্ড

অনলাইন ডেস্ক That billboard in front of the office

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জেলা শহরের নামসহ একাধিক বানান ভুল থাকা সেই বিতর্কিত সচেতনতামূলক বিলবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা পোস্টে ডিসি অফিসের সামনে ‘জামালপুর’ বদলে ‘জামারপুর’, বিলবোর্ডে ‘আমারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির দৃষ্টিকটু বানান ভুলের সমালোচনা ছড়িয়ে পড়ার পরই প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরপরই প্রথমে বিলবোর্ডের বানান সংশোধন এবং পরে ব্যানারটি অপসরণ করে ফ্রেমটি খালি করে দেওয়া হয়।

এর আগে, জামালপুর শহরের ফৌজদারি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে টানানো ওই বিলবোর্ডে ‘জামালপুর’ এর জায়গায় ‘জামারপুর’ এবং ‘আমরা’র জায়গায় ‘আমারা’ লেখা হয়েছিল। জেলা প্রশাসন, স্থানীয় সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ ও জেসমিন প্রকল্পের লোগো সংবলিত এমন গুরুত্বপূর্ণ বিলবোর্ডে ভুল বানানের বিষয়টি পথচারী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসলে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পর বিলবোর্ডটি দ্রুত সরিয়ে ফেলায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তবে সরকারি কোনো দপ্তর বা গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে যেকোনো প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানোর আগে সরকারি অনুমতি, বানান ও তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম বলেন, কাল যখন আপনাদের মাধ্যমে জানতে পারি যে ডিসি অফিসের সামনে একটি সচেতনমূলক ব্যানার টানানো হয়েছে। সেটি বানান ভুল রয়েছে। তারপর আমরা দেখতে পাই ভুল বানানে স্টিকার দিয়ে ঠিক করা হয়েছে। তারপর আজ দেখি বিলবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। মনে হয় এটা যারা লাগিয়েছিল, তারাই সরিয়ে ফেলেছে।

তবে বিলবোর্ডটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরিয়েছে কিনা? সরালেও কখন, কীভাবে এবং কেন সরানো হলো এ বিষয়ে জানতে উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। পরে অনলাইন এবং অফলাইনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news