
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিদেশি মদ, বিয়ার, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে পতেঙ্গা বহির্নোঙর বিচ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৯৩টি ভারতীয় শাড়ি এবং ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ অভিযানের সময়ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া জব্দ করা ভারতীয় শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।