চ্যানেল আইতে ‘নীরব কেন কবি’ অনুষ্ঠানে ফেরদৌস আরা (বাঁয়ে ওপরে) এবং এনটিভির নাটক ‘গভীর নিশীথে’র দৃশ্য।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র অনন্তলোকে পাড়ি জমান সাহিত্যের অনন্য এ ব্যক্তিত্ব। তবে চলে গিয়েও তিনি তার অমর সব রচনা দিয়ে আজও সমানভাবে জুড়ে রয়েছেন মানুষের হৃদয়ে।
আজ কবির প্রয়াণ দিবসে দেশজুড়ে নানা আয়োজন রয়েছে। যেমন চ্যানেল আইতে রয়েছে দিনভর আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে পরিবেশন করা হয়েছে বিখ্যাত কিছু নজরুলগীতি।
দুপুর ১টা ৫ মিনিটে দর্শকরা দেখতে পাবেন নজরুলের সিনেমার গান নিয়ে বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এস আরমান। বেলা ৩টা ৩০ মিনিটে দেখা যাবে জাতীয় কবির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘বাংলা মায়ের দামাল ছেলে’। রফিকুল বারী চৌধুরীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে উঠে এসেছে বিদ্রোহী কবির জীবন ও সৃষ্টিশীলতার নানা দিক।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নীরব কেন কবি’। এতে নজরুলগীতি পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠান পরিচালনায় রেজাউল করিম কাজল। আর সবশেষে রাত ১০টা ১৫ মিনিটে দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘নজরুল ও প্রকৃতি’। নজরুলের সৃষ্টিতে প্রকৃতি ও মানুষের সম্পর্কের নানা অনুষঙ্গ নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে এনটিভি। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রচার হবে নজরুলের গান অবলম্বনে নির্মিত নাটক ‘গভীর নিশীথে’। পান্থ শাহরিয়ারের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধনসহ অনেকে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে দেখা যাবে সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় আয়োজিত অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘মিউজিক নাইট। এতে নজরুলসংগীতসহ বিভিন্ন গান শোনাবেন ঋতুরাজ ও প্রিয়াঙ্কা বিশ্বাস।
শিশুদের কাছে প্রিয় চ্যানেল দুরন্ত টিভিতেও আছে নানা আয়োজন। দুপুর ১২টায় প্রচার হবে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘গানের পাখি বুলবুল’। এতে গান গেয়েছে দেবষ্মিতা কুন্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তিথী এবং তাশফিয়া তাসনিম গুনগুন। এ ছাড়া সকাল ৮টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দেখা যাবে ‘সকাল বেলার পাখি’। নজরুলের বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে কল্পরেখার ছোট্ট বন্ধুরা। ফরিদা লিমার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানটিতে শিশুদের পরিবেশনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের কবিতা ও ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে নজরুলের স্মরণে দুই দিনব্যাপী আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন (বৃহস্পতিবার) হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে, আর শুক্রবার অনুষ্ঠান হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সরকারের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মুখ্য আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর।
এছাড়া নজরুল একাডেমিতে থাকছে তিন দিনব্যাপী কর্মসূচি। বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৯ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান।
অন্যদিকে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগেও থাকছে বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’। এতে আলোচনা, দোয়া মাহফিল ও হামদ-নাতের পরিবেশনা থাকছে।