Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬ পেলেন দৈনিক সমাচারের সম্পাদক আবু তালেব

নিজস্ব প্রতিবেদক: Md. Abu Taleb

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন জাতীয় দৈনিক দৈনিক সমাচার-এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু তালেব।

মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এ সম্মাননা প্রদান করা হয়। মোঃ আবু তালেবের পক্ষে পুরস্কার গ্রহণ করেন দৈনিক সমাচার-এর বার্তা সম্পাদক সাধন চন্দ্র মণ্ডল।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকতা ও সমাজসেবায় মোঃ আবু তালেবের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।


তিন দশকের বর্ণাঢ্য সাংবাদিকতা:-

প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে মোঃ আবু তালেব দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাক-এ টানা ১৮ বছর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এছাড়া তিনি একাধিকবার দৈনিক ইত্তেফাকের সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।


এছাড়া সাংবাদিকতা জীবনের বিভিন্ন সময়ে দৈনিক সমাচার, বাংলার বাণী এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বর্তমানে তিনি দৈনিক সমাচার-এর সম্পাদক ও প্রকাশক। একই সঙ্গে জাতীয় সাপ্তাহিক বিজয় সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং ইংরেজি জাতীয় দৈনিক দ্য ক্যাপিটাল নিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় নিবেদিত-:

শুধু সংবাদকর্মী হিসেবে নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা। ছাত্রজীবনেই ১৯৯১ সালে কেরানীগঞ্জের বাঘৈর গ্রামে তিনি প্রতিষ্ঠা করেন ‘বাঘৈর ওয়েলফেয়ার মিশন’। বর্তমানে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া কেরানীগঞ্জ যুব উন্নয়ন সমবায় সমিতি-এর সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। সংগঠনটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শতাধিক বেকার যুবকের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন মোঃ আবু তালেব।


কেরানীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা:-

মফস্বল সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি তিনবার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কেরানীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। জিনজিরা বাস রোড এলাকায় ১০ কাঠা জমির সংস্থান করে প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।


ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার:-

দীর্ঘ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এর আগেও দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন মোঃ আবু তালেব।

তাঁর অর্জনের তালিকায় রয়েছে ড. পিকে রায় স্বর্ণপদক, বেগম রোকেয়া সাখাওয়াত গোল্ডেন অ্যাওয়ার্ড, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড, ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা।


‘এই সম্মাননা আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা’-:

‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ অর্জনের প্রতিক্রিয়ায় মোঃ আবু তালেব বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

সাংবাদিকতা ও সমাজসেবায় দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ অর্জন মোঃ আবু তালেবের কর্মময় জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news