Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ন

পুঠিয়া-দূর্গাপুর এমপির সাথে বাপা জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় ॥ পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করায় সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার: ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর পুঠিয়াতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতৃবৃন্দের সাথে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুঠিয়াস্থ নিজস্ব কার্যালয়ে মতবিনিময় শেষে নদী-নালা, খাল-বিল দখল ও দূষণমুক্ত করণ ও পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা সভাপতি প্রকৌশলী অধ্যক্ষ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মোসা. সেলিনা বেগম।


রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর আঞ্চলিক স্বার্থ, অধিকার, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান সংরক্ষণের দাবি, প্রাণ-প্রকৃতি ও পরিবেশে বায়ু দূষণ, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও নিষ্কাশন, জলাশয় ধ্বংসকারী ভরল বর্জ্যের নিষ্কাশন, নদ-নদীর অবক্ষয় ও দখল, জলাবদ্ধতার নিরসন, স্থানীয় হাট-বাজার ও নগরীর বিভিন্ন বর্জ্য ফেলায় নদী ও খাল ভরাট বন্ধসহ জনকল্যাণমূলক কাজ করছে। উল্লেখ্য এর আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে সারাদেশে রাজনৈতিক দলের দলীয় নির্বাচনী ইশতেহারে এবং প্রার্থীদের এলাকার জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তিকরণের আহ্বান জানানো হয়েছিল।


তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে নদীর পাড় দখল করে অবৈধভাবে নানা স্থাপনা গড়ে উঠা ও ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সহ অস্তিত্ব সংকটে রয়েছে। এরফলে বারনই নদী, মূসাখান নদ ও হোজা নদীসহ খালগুলোর জায়গা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে এবং নাব্যতা হারিয়েছে। এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে নিদ্রিষ্টস্থানে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াজাতকরণ, দখলকৃত স্থাপনা অপসারণ, নদী ও খাল খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করতে হবে, কৃষকরা যাতে এই পানি সেচের জন্য ব্যবহার করে চাষাবাদ করতে পারে স্থানীয় এমপির কাছে পরিবেশকর্মীদের এই প্রত্যাশা। 


বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘দখল আর দূষণে জর্জরিত বারনই নদী, হোজা-নদীসহ বিভিন্ন নালা-খাল। বিভিন্নভাবে বর্জ্য ও দূষিত পানি এসব নদীতে সরাসরি মিশে এর পানি বিষাক্ত হয়ে পড়েছে। এইসব নদীর পানি দিয়ে নদী পাড়ের মানুষ ও গবাদিপশু গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করে খোস-পাঁচড়া, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। নদীর দেশি মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে, নদীর পরিবেশগত ভারসাম্য এবং জনস্বাস্থ্য অত্যন্ত হুমকির মুখে পড়েছে। দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠার ফলে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সৌন্দর্য ও নদীর নাব্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এর ফলে পরিবেশ দূষণসহ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কৃষি ও স্থানীয়দের জনজীবন বিপন্ন হচ্ছে। পরিবেশ ঠিক রাখতে দখলকৃত স্থাপনা অপসারণ, দূষণমুক্ত এবং নদী ও খাল খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করা সবার আগে জরুরী বলে মনে করেন তিনি। '


রাজশাহী-৪ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, 'মূসাখান নদ ও হোজা নদী এবং এ অঞ্চলের নালা-খাল খননে সংসদে আলোচনা করেছি। ইতিমধ্যে নদী, নালাসহ বিভিন্ন খাল খননে সরকার কাজ করছে। সরকার মূসাখান নদ ও হোজা নদী খনন ও সংস্কারের জন্য অর্থ ছাড় করেছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখল হওয়া নদী ও খাল উদ্ধার এবং দুষণমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে নদীর পানির প্রবাহ সচল করা হবে। ভূ-উপরিস্থ পানি ব্যবহার ও জলাশয়ে পানির ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে কৃষকরা কৃষিকাজে সেই পানি ব্যবহার করতে পারেন। এলাকার সার্র্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, সেজন্য এলাকাবাসী এবং পরিবেশকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।'


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য শাহনাজ পারভীন, সদস্য ও পরিবেশকর্মী সম্রাট রায়হান, সেলিনা বেগম, পবা উপজেলা শাখা কমিটির সভাপতি রহিমা বেগম, সহ-সভাপতি হাসিনুর রহমান, সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, দূর্গাপুর উপজেলা শাখা কমিটির সভাপতি একেএম মোহাইমিনুল হক পিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি এনামুল হকসহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের পরিবেশকর্মীবৃন্দ।


রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।