Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ সেপ্টেম্বর ২০২৬
০৩:৪৮ অপরাহ্ন

নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে তিন শর্ত

অনলাইন ডেস্ক Three conditions for importing yarn of a certain count

স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে নির্দিষ্ট তিনটি শর্তে এ সুতা আমদানির সুযোগ পাবেন ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরা।


সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস, রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।


ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারক আমদানিকারকরা এ সুবিধা পাবেন।

সুবিধা পেতে তিনটি শর্ত পূরণ করতে হবে।


প্রথমত, বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে।


তৃতীয়ত, খালাস করা কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণরূপে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে দাখিল করা ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।


গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টেক্সটাইল শিল্পের সমস্যা পর্যালোচনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এনবিআর এ আদেশ জারি করে।


কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news