চলছে নারী এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচটি জমিয়ে তোলা পেসার মারুফা আক্তার বড় সুখবর পেয়েছেন। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে।
আজ (মঙ্গলবার) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে মারুফা র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ারসেরা উন্নতির পর তার বর্তমান অবস্থান ১৮তম, স্বাভাবিকভাবে রেটিংও সর্বোচ্চ ৬২২। সে হিসেবে টি-টোয়েন্টিতে মারুফা এখন বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে।
এ ছাড়া ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নিয়ে স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন রাবেয়া খান (১ ধাপ পিছিয়ে ২২) ও নাহিদা আক্তার (৪ ধাপ পিছিয়ে ৩২)। সবমিলিয়ে টি-টোয়েন্টি নারী বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ তিনে আছেন যথাক্রমে– শ্রী চরনি, সোফি এক্লেস্টন ও সোফি ডিন।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি (৩ ধাপ এগিয়ে ৩৬), দিলারা আক্তার (৫ ধাপ এগিয়ে ৬২), নিগার সুলতানা জ্যোতি (১ ধাপ এগিয়ে ২১) ও জুয়াইরিয়া ফেরদৌস (৬ ধাপ এগিয়ে ৯৬)। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অধিনায়ক জ্যোতির অবস্থানই সবার শীর্ষে।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় যথারীতি চূড়ায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। এরপর জর্জিয়া ভল ও লরা উলভার্ট যথাক্রমে দুই ও তিনে আছেন। ব্যাটারদের শীর্ষ ১৬ জনের তালিকায় কোনো পরিবর্তন নেই। একইভাবে নারী টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও নেই পরিবর্তন নেই, শীর্ষ তিনে আছেন হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের ও চামারি আতাপাত্তু।