Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ সেপ্টেম্বর ২০২৬
০৬:৫৬ অপরাহ্ন

জয়-পরাজয়ের লড়াই শেষে পবায় পুরস্কার পেল ১৬৬ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: 166 students

কেউ জিতেছে সাঁতারের নীল জলে লড়াই করে, কেউ দাবার ছকে বুদ্ধির লড়াইয়ে, কেউ আবার কাবাডি ও হ্যান্ডবলের মাঠে ঘাম ঝরিয়ে। তিন দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ের আনন্দ একাকার হয়ে উঠেছিল পুরস্কার বিতরণী মঞ্চে। কারও হাতে ট্রফি, কারও চোখে না পাওয়ার আক্ষেপ-তবুও ছিল নতুন করে স্বপ্ন দেখার আনন্দ, আগামী দিনের আরও ভালো করার প্রত্যয়।


গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ১৬৬ জন শিক্ষার্থীর হাতে উৎসবমুখর পরিবেশে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। 


তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আজকের মাঠের একজন খেলোয়াড়ই আগামী দিনে দেশ ও জাতির গৌরব হয়ে উঠতে পারে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও আন্তরিক হতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসকাটাদিঘী বহুমুখী (কারিগরি) উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আখতার হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান। সমাপনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। পুরস্কার হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের এই ক্রীড়া আয়োজন। তবে অনেকের চোখে ছিল পরেরবার আরও ভালো করার স্বপ্ন-কারণ হার-জিতের হিসাব ছাপিয়ে খেলাধুলাই যেন তাদের শিখিয়েছে লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার গল্প।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news