Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৯ অপরাহ্ন

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সরকারি সার অবৈধভাবে মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ৮১৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

মমঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া এলাকায় অবস্থিত ওই ডিলারের ‘মেসার্স কৃষি ঘর’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির)একজন নিবন্ধিত সার ডিলার। ডিলারের গুদামে নিয়ম না মেনে সার মজুত করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সারাক্ষণ ধরে চলা এই অভিযানে গুদামে থাকা সার গণনা করে মোট ৮১৭ বস্তা সার পাওয়া যায়, যার মধ্যে ৬১৬ বস্তা (এমওপি) এবং ২০১ বস্তা (টিএসপি) সার ছিল।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযান চলাকালে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাহেদ,উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে সার মজুত রাখায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, "কৃষকদের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে এবং সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে আমাদের এই তদারকি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ডিলার বা ব্যবসায়ী যদি অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন কিংবা কৃষকদের হয়রানি করেন, তবে তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার মজুত ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করায় কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দকৃত সার পরবর্তীতে নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে বণ্টনের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।

গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সরকারি সার অবৈধভাবে মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।