Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ সেপ্টেম্বর ২০২৬
০৪:৫৮ অপরাহ্ন

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:- Cheque distribution and discussion meeting organized by the District Council

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে অসহায় ব্যক্তি, শিক্ষার্থী ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক ক্ষেত্রে সহায়তার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।”

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের দায়িত্ববোধ আরও অর্থবহ হয়। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে সহায়তা করা এবং অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একটি মানবিক কাজ।”

তিনি আরও বলেন, “অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয় এবং আর্থিক সংকটের কারণে কোনো অসহায় মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ বিষয়ে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সীমিত সামর্থ্যের মধ্যেও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি।”

জেলা পরিষদ প্রশাসক বলেন, “রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষ, শিক্ষার্থী ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক ক্ষেত্রে সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে ৩৮ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ৬২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিন।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news