
ইতালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন বাঁধন।
পরে ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে আজ দেশে ফিরেছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঁধন।
এ সময় তার বাবা প্রকৌশলী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন জানান, হামলার ঘটনায় তিনি মামলা করবেন।
তার নিরাপত্তার জন্য ইতালির পুলিশ ২৪ ঘণ্টা তার সঙ্গে ছিল বলেও জানান তিনি।
বাঁধনের ভাষ্য, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন।
এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল।
হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন বলেও অভিযোগ করেন বাঁধন। এ সময় তাকে গালাগাল করা হয়। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয় বলেও জানান তিনি।
দেশে ফিরে হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, যারা আক্রমণ করছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়ছে। তারা মনে করছে, পার পেয়ে যাবে। তারা আমার গায়ে হাত তুলেছে। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছে তারা।
তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করছে; আমাদের না, যোগ করেন তিনি।
দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছে, তাদের জীবন কিন্তু আপনাদের না।
তিনি বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।