Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ সেপ্টেম্বর ২০২৬
০৫:৩৪ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, কার্যকর পদক্ষেপ জরুরি

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার মন্ত্রী Dr. Abdul Moin Khan

ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্মপরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

তিনি বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময়।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এখন পরিকল্পনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শুধু পরিকল্পনা তৈরি করে দায়িত্ব শেষ করলে চলবে না, মাঠপর্যায়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

ডেঙ্গুর দীর্ঘ ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ডেঙ্গু কোনো নতুন রোগ নয়। প্রায় দুই হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এ রোগের সঙ্গে লড়াই করছে। তাই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির ক্ষেত্রে ডেঙ্গুর ইতিহাস, পরিবেশ, মশার বিস্তারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় বাস্তবতা ও অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ অফিসের সিনিয়র অপারেশনস অফিসার ও প্রকল্পের টাস্ক টিম লিডার ইফ্ফাত মাহমুদ।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, নিপসম, আবহাওয়া অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news