Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছী প্রেসক্লাবে নতুন কমিটির অভিষেক, জমজমাট আয়োজনের পর সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): New committee inaugurated at Badalgachhi Press Club

সাংবাদিকদের নতুন নেতৃত্বের যাত্রা, অতিথিদের শুভেচ্ছা আর বক্তব্যের পর জমজমাট সাংস্কৃতিক আয়োজন—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে আসে গাম্ভীর্য। এরপর স্বাগত বক্তব্যে নবনির্বাচিত কমিটির সভাপতি সানজাদ রয়েল সাগর অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান।


এরপর একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের। সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ নতুন কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন করেন আমন্ত্রিত অতিথিরা।

বক্তব্যের পালায় উঠে আসে সাংবাদিকতার নানা দিক। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু খবর প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে মানুষের কথা তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সাংবাদিকতার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও ইসরাত জাহান ছনি, ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রবিউল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দবির, দ্বিতীয়ার্ধের সভাপতি এমদাদুল হক দুলু এবং সাধারণ সম্পাদক আবু জর গিফারী।

অতিথিদের বক্তব্যের পাশাপাশি ছিল সম্মাননার পর্বও। বদলগাছী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক (ক্রেস্ট)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষভাগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভাপতি সানজাদ রয়েল সাগরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।

তবে এখানেই শেষ নয়—দিনের আনুষ্ঠানিকতার পর অপেক্ষা করছিল বিনোদনের পালা। মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৫টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাংবাদিক, অতিথি ও উপস্থিত দর্শকদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

সব মিলিয়ে নতুন কমিটির অভিষেককে ঘিরে বদলগাছী প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ—দিনভর দায়িত্ব, বক্তব্য ও শুভেচ্ছার পর সন্ধ্যায় যোগ হয় গান-আনন্দের বাড়তি রং।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news