Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৫:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক- ২

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Detention - 2

পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই শিক্ষার্থী কীটনাশক পান করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের মো. সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাওয়া-আসার পথে সোহেল তাকে বিভিন্ন কুপ্রস্তাব ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তাঁর সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যান।

সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরদিন ১২ সেপ্টেম্বর সকালে তিনি বাড়িতে কীটনাশক পান করেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়।

ভুক্তভোগীর বড় ভাই বলেন, তাঁর ছোট বোনকে কৌশলে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। আসামিদের হুমকির কারণে সে বিষপান করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news