Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৭:৩৯ অপরাহ্ন

ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: Mohammad Shafiqul Haque Milon

দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বুধবার দুপুরে রাজশাহীর পবার দর্শনপাড়ায় পৃথক দুটি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এদিন অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় দর্শনপাড়া বাগশৈল দাখিল মাদ্রাসায় ফলদ, বনজ ও ঔষধি চারা রোপন এবং দর্শনপাড়া তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন সাম্প্রতিক ছাত্র-আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “যে বাংলাদেশ থমকে গিয়েছিল, জিম্মি হয়ে পড়েছিল এবং দেশের বুকে জগদ্দল পাথর চাপা দেওয়া ছিল সেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের মুক্ত করেছে। তারা যখন রাস্তায় জীবন দেওয়া শুরু করল, তখন অভিভাবকরাও আর ঘরে বসে থাকতে পারেননি। এটি ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, “আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা কোনোভাবেই বিভাজন করতে চাই না। বিগত দিনে যারা দেশের সম্পদ লুট করেছে, তারা এখন নিরাপদ আশ্রয় খুঁজতে বনের বাঘের মতো দিকবিদিক পালাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে, প্রয়োজনে দেশ রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”বিএনপি চেয়ারপারসন সম্পর্কে তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে আজ বিশ্ববাসী ‘গণতন্ত্রের মা’ বলে ডাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সততাকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”


পরিবেশ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় এবং নিজেদের সুস্থতার জন্যই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে আমরা অক্সিজেন পাব না। তাই একদিকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অন্যদিকে সবাইকে গাছ লাগাতে হবে। স্কুল-কলেজগুলোতে এসব সচেতনতামূলক প্রচার-প্রচারণা আরও বাড়াতে হবে।

তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আধুনিক ভবন নির্মাণ করবেন বলে জানান তিনি। সেইসাথে এমপিও ভুক্ত করনের জন্য কাজ করবেন। তিনি আরো বলেন, আগামীতে আসছে ইউপি নির্বাচন এই নির্বাচনে বিএনপি যাকে মনোনীত করবে তাকেই সবাইকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।  

সবশেষে তিনি বলেন, “আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দুর্নীতি চাই না। আমরা বাংলাদেশের মানুষকে আগামীতে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই।” অন্যদিকে এমপি মিলন বাগশৈল দাখিল মাদ্রাসার জোহাখালী খালপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত বৃক্ষরোপণ করেন। এছাড়াও তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। তেঁতুলিয়াডাঙ্গা সায়েদুলউলুম দাখিল মাদ্রাসা পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচি মধ্যেই একটি ব্রিজের ক্ষতিগ্রস্ত দুইপার পরিদর্শন করেন।

পৃথক দুটি কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও জেলা বিএনপির সদস্য এবং পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহামেদ ও  পবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম।  

এছাড়াও বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিহাব উদ্দিন, দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী, তেতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি শফিকুল্ সিলাম,  পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ সহ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news