Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ সেপ্টেম্বর ২০২৬
০৪:২৭ অপরাহ্ন

ঝড়-ঢেউয়ে উত্তাল পদ্মা, টি-বাঁধের সুরক্ষা ব্লকে ক্ষতি

আবুল কালাম আজাদ Padma swells due to storm surge, damage to T-dam safety block

বর্ষার শেষভাগে পানি কমতে শুরু করলেও হঠাৎ ঝড়ো হাওয়া ও তীব্র ঢেউয়ে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর পদ্মা। 

বুধবার (১৭সেপ্টেম্বর)  দিবাগত রাতে তীব্র ঝড় হাওয়ায়, নদীর প্রবল ঢেউ আছড়ে  পড়ে রাজশাহীর শহররক্ষা বাধ সহ নগরীর টি-বাঁধ এলাকায়। এতে শহর রক্ষা বাঁধের নদীতীর সংরক্ষণ অংশের কিছু ব্লক সরে যাওয়া ও সিসি প্রটেকশনের ব্যপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে নদীতে থাকা নৌযান ক্ষতিগ্রস্ত ও ডুবে যাওয়ার খবরও পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের ঝড়ো হাওয়া ও ঢেউয়ের তীব্রতা ছিল অস্বাভাবিক। তাদের দাবি, কোনো কোনো সময় ঢেউয়ের উচ্চতা প্রায় ১০ ফুটের কাছাকাছি পৌঁছায়। এতে টি-বাঁধের নদীমুখী অংশে বসানো কয়েকটি যায়গায় কংক্রিট ব্লক ভেঙে বা সরে যায়। 

স্থানীয়ভাবে পাওয়া প্রাথমিক তথ্যে প্রায় ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত এবং অন্তত ২০টি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে নৌযান ক্ষয়ক্ষতির এ সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। 

এর আগে পদ্মার পানি দ্রুত বাড়তে থাকায় টি-বাঁধ ও নদীতীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে থাকায় টি-বাঁধে চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। সে সময় নদীর দক্ষিণ তীরের চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়।

তবে সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৭ দশমিক ০৯ মিটার। 

বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার হওয়ায় পানি এখন বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচে। গত পাঁচ দিনে নদীর পানি কমেছে ২১ সেন্টিমিটার।

পানি কমার এই প্রবণতার মধ্যেই নদীতীরে ঢেউয়ের আঘাতে প্রতিরক্ষা অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ নদীর পানির উচ্চতা কমে গেলেও স্রোতের গতিপথ, তীরঘেঁষা গভীরতা এবং ঢেউয়ের চাপের কারণে নদীতীর সংরক্ষণ কাঠামোর ওপর স্থানীয়ভাবে চাপ তৈরি হতে পারে।

এর আগেও রাজশাহীর বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্লক সরে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। ১২ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে টি-বাঁধসহ নদীতীরবর্তী এলাকায় ব্লক সরে যাওয়ায় ভাঙনের আশঙ্কার কথা উঠে আসে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, পানি বাড়লেও রাজশাহী শহর রক্ষা বাঁধ তাৎক্ষণিক ঝুঁকিতে নেই এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝুঁকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।

এদিকে ১৭ সেপ্টেম্বর দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর; কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নদী বিশেষজ্ঞ ও স্থানীয় বাসিন্দাদের মতে, পানি কমার সময়ও নদীতীরের দুর্বল অংশগুলো নজরদারির বাইরে রাখা উচিত নয়। বিশেষ করে টি-বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সরেজমিন পরিদর্শন, ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক পুনঃস্থাপন বা জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ এই শহর রক্ষা বাঁধ শুধু নদীতীরবর্তী জনপদ নয়, নগরীর বিস্তীর্ণ এলাকার নিরাপত্তার সঙ্গেও যুক্ত। ফলে রাতের ঝড়-ঢেউয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী বড় ঢেউ বা নদীর স্রোতের চাপে ক্ষয়ক্ষতি বাড়তে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news