উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
পরে নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’।
আমেরিকার আবহাওয়া মডেল জিএফএসও জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ভারতের আবহাওয়া দপ্তর এখনও শুধু নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাত ও দমকা হাওয়াও হতে পারে।
এ ছাড়া ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গসহ দেশের আরো কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
এ ছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।