Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ন

বদলগাছীতে বাড়িতে পানি ঢোকাকে কেন্দ্র করে মারধর ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর বদলগাছীতে বাড়িতে বৃষ্টির পানি ঢোকাকে কেন্দ্র করে এক নারী ও তাঁর স্বামীসহ পরিবারের সদস্যদের মারধর এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

 এ ঘটনায় মুনিকা খাতুন নামে এক নারী গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধায় বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মুনিকা খাতুনের বাড়িতে বৃষ্টির পানি জমে যায়। গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে পানি নিষ্কাশনের জন্য তাঁর স্বামী গোলাম রব্বানী কোদাল দিয়ে মাটি কাটতে গেলে প্রতিবেশী মওলানা হানিফ, সাবানা বেগম ও তাহেরা বেগমসহ কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে গোলাম রব্বানীকে মারধর করা হয় এবং বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।

 স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মুনিকা খাতুনকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাঁদের বাড়িতে প্রবেশ করে মুনিকার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া মুনিকার শাশুড়ি মোছা. আসনা বেগমসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারী মুনিকা খাতুন বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মওলানা হানিফ বলেন, অভিযোগকারীরা তাঁর আত্মীয় এবং দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ রয়েছে। ঘটনার দিন ড্রেন কাটাকে কেন্দ্র করে তাঁর মায়ের সঙ্গে গোলাম রব্বানীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গোলাম রব্বানীর কাছ থেকে কোদালটি নিয়ে নেন। এ সময় মুনিকা পড়ে যান বলে দাবি করেন তিনি।

হানিফের দাবি, যে জায়গায় মাটি খোঁড়া হচ্ছিল সেটি তাঁদের জায়গা। এ জায়গা নিয়ে তাঁর ফুফু,ফুপাতো ভাইদের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঘটনার সময় তাঁর ছোট ভাইয়ের জুতা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে এবং পরে তাঁর ভাই অভিযোগকারীদের বাড়ি থেকে জুতা নিয়ে আসে বলে জানান তিনি। ঘটনার ভিডিও করা হয়েছে দাবি করে হানিফ বলেন, ভিডিও দেখলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বদলগাছীতে বাড়িতে পানি ঢোকাকে কেন্দ্র করে মারধর ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ