Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ সেপ্টেম্বর ২০২৬
০৬:২৩ অপরাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি :- Dengue infected

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত আনোয়ার মণ্ডল (৫২) তানোর উপজেলার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার মণ্ডলের মৃত্যু হয়। পরে দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ডেঙ্গু আক্রান্ত আনোয়ার মণ্ডল রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার ব্যবধানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার ভোরে তিনি মারা যান। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news