Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ সেপ্টেম্বর ২০২৬
০১:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তের শূন্যরেখায় মিলল কিশোরের মরদেহ

অনলাইন ডেস্ক The body of a teenager

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে  মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর  সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। 

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে মানসিকভাবে অসুস্থ ছিল। 

পরিবারের সদস্যরা জানান, শাকিল মানসিকভাবে অসুস্থ। শুক্রবার থেকে সে নিখোঁজে ছিল। একদিন পর শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ দেখতে পান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাকিলের পরিচয় শনাক্ত করা হয়। 

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারত পুলিশ নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে আইনিপ্রক্রিয়ায় মরদেহ বাংলাদেশে আনা হবে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। মরদেহ পাওয়ার পর ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে কীভাবে শাকিল সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news