Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ সেপ্টেম্বর ২০২৬
০১:২৮ অপরাহ্ন

‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন

অনলাইন ডেস্ক Syed Imran Ahmed

বছর দেড়েক ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন সৈয়দ ইমরান আহমেদ। হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট তিনি। অসুস্থতার কাছে হার মেনে আজ সকালে তিনি চলেই গেলেন না ফেরার দেশে।

ইমরানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। গত দেড় বছর ধরে সে ক্যানসারের সঙ্গে লড়াই করছিল। আমি আমার এক ভাইকে হারালাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

ইমরানের মৃত্যুতে ব্যান্ড মহলের আরো অনেকেই শোকপ্রকাশ করছেন।

২০০৫ সালে আত্মপ্রকাশ করে ‘মেকানিক্স’। দেশে হেভি মেটাল গানের চর্চায় তাদের ভূমিকা অগ্রগণ্য। ত্রিদিবের সঙ্গে মিলে দলটি গঠন করেছিলেন ইমরান। তবে ২০০৮ সালেই ব্যান্ড ছেড়ে দেন ইমরান। পেশাগত কারণে অন্য কোনো ব্যান্ডেও আর যুক্ত হননি।

ব্যান্ড ছেড়ে গেলেও ইমরানের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ‘মেকানিক্স’ সদস্যদের। সেই বন্ধন যেন এবার একেবারেই ছিন্ন হয়ে গেল।


ইমরান ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসা তহবিলের জন্য কনসার্টও করেছিল ‘মেকানিক্স’। ২৫ জুলাই হয়েছিল সে কনসার্ট। সেখানে ‘মেকানিক্স’, ‘হাইওয়ে’সহ আটটি ব্যান্ড গান করেছিল। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই ইমরানই এবার পাড়ি জমালেন অনন্তলোকে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news