আচ্ছা, একবার ভাবুন তো―আপনি ঘুমিয়ে আছেন। কতটা ভালো ঘুমাতে পারেন সেই দক্ষতা দেখিয়েই জিতে নেয়ার সুযোগ ২২ লাখ ২০ হাজার জাপানি ইয়েন; যা বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকারও বেশি। হ্যাঁ, আপনি যা পড়েছেন, ঠিক তাই হতে যাচ্ছে জাপানে। দৌড়ঝাঁপ, লাফানো কিংবা প্রচলিত খেলাধুলার বিপরীতে শুধু ভালো ঘুমানোর দক্ষতা দেখিয়েই প্রতিযোগীরা এই মোটা অঙ্কের অর্থ জিতে নিতে পারবেন।
জাপানের লাইফস্টাইল ম্যাগাজিন টোকিও উইকেন্ডারের প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এমন অদ্ভুত ঘুমের প্রতিযোগিতা হতে যাচ্ছে দেশটির রাজধানী টোকিওতে। প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে ‘ম্যাটট্রেস বাই কোয়ালা’।
গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে কোয়ালা ম্যাটট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আগামী ৫ অক্টোবর টোকিওর মিনাতো ওয়ার্ডের শেয়ার গ্রিন মিনামি আওয়ামাতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। দিনভর ৯০ মিনিটের মোট তিনটি ‘রেস’ বা পর্বে এই প্রতিযোগিতা হবে। প্রতিটি পর্বে প্রায় ২০ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন। আবেদনের সংখ্যা নির্ধারিত আসনের থেকে বেশি হলে লটারির মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। এরইমধ্যে অবশ্য আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এখন শুধু মূল প্রতিযোগিতার জন্য অপেক্ষা।
কীভাবে হবে প্রতিযোগিতা:
আগ্রহী প্রতিযোগীরা আয়োজক প্রতিষ্ঠানের ম্যাটট্রেসে শোয়ার আগে তাদের শরীরে ঘুম-পর্যবেক্ষণকারী সরঞ্জাম পরিয়ে দেয়া হবে। তাদের ঘুমের গভীরতা, গুণগত মান, কত দ্রুত ঘুমালেন এবং ঘুমের স্থিতিশীলতার মতো বিষয়গুলো বিবেচনা করে একটি বিশেষ ‘স্লিপ স্কোর’ বা ঘুম স্কোর করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এই স্কোরিং পদ্ধতিটি চিকিৎসকদের দ্বারা তত্ত্বাবধান করা হবে। আর প্রতিযোগিতায় অংশ নেয়া যে ব্যক্তি সর্বোচ্চ স্লিপ স্কোর অর্জন করবেন, তিনি পাবেন ২২ লাখ ২০ হাজার ইয়েনের প্রধান পুরস্কার; যা বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকারও বেশি।
প্রতিযোগিতার শর্ত:
প্রতিযোগিতায় অংশ নেয়া প্রার্থীদের শুধু শুয়ে থাকলেই হবে না। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তারা ‘স্লিপ ওয়ার্ম-আপ’ বা ঘুমের প্রস্তুতিমূলক ব্যায়ামে অংশ নেবেন এবং নানা ধরনের ‘স্লিপ আইটেম’ বা ঘুমের আনুষঙ্গিক জিনিসপত্র পাবেন। যা তাদের বিশ্রামের মানকে প্রভাবিত করতে পারে। প্রতিযোগিতার সময় আয়োজকরা ইচ্ছা করে ঘুমের ব্যাঘাত ঘটাতে চেষ্টা করবেন। এর মাধ্যমে দেখা হবে, ব্যাঘাত থাকার পরও প্রতিযোগীরা তাদের ঘুমের মান বজায় রাখতে পারছেন কি-না।
অর্থাৎ―এটি শুধু ঘুমিয়ে পড়ার চ্যালেঞ্জ নয়, বরং বিরূপ পরিস্থিতির মধ্যে ঘুমিয়ে থাকা এবং মানসম্মত ঘুম নিশ্চিত করা। আবার প্রতিযোগীদের ঘুমের পারপরম্যান্সের নানা দিক বিবেচনায় নিয়ে কিছু বিশেষ পুরস্কারও প্রদান করা হবে। যেমন- ডিপ স্লিপ অ্যাওয়ার্ড বা গভীর ঘুমের পুরস্কার দেয়া হবে। যিনি খুব গভীর ঘুম নিশ্চিত করতে পারবেন তিনি পাবেন এই পুরস্কার। থাকছে স্লিপ ফ্লিপ অ্যাওয়ার্ড, যার ঘুমের ভঙ্গি অদ্ভুত বা অনন্য তিনি পাবেন এই পুরস্কার।