
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও নিজ জীবনের ঝুঁকি নিয়ে বুকিং কাউন্টারে রক্ষিত সরকারি নগদ অর্থ নিরাপদে সংরক্ষণ করায় ৬ বুকিং সহকারীকে সম্মাননা দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
আকস্মিক উত্তেজনাকর পরিস্থিতিতে স্টেশনের বুকিং কাউন্টারে দায়িত্ব পালনরত বুকিং সহকারি কর্মীরা নিজেদের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে কাউন্টারে রক্ষিত সরকারি নগদ অর্থ নিরাপদে সংরক্ষণের উদ্যোগ নেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে এমন পরিস্থিতিতেও সরকারি অর্থ রক্ষা করেন।সরকারী অর্থের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে।
ভালো কাজের স্বীকৃতি স্বরুপ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের অফিস কক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম (জিএম) তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাঁদের দায়িত্ববোধ, সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করা হয়।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হচ্ছেন,১. মোঃ ফয়সাল কবির, বুকিং সহকারী গ্রেড-২২. মোঃ রেজাউল ইসলাম, বুকিং সহকারী গ্রেড-২৩. মাহমুদুল হাসান, বুকিং সহকারী গ্রেড-২
৪. শেখ আশরাফুজ্জামান, বুকিং সহকারী গ্রেড-২৫. মোঃ আব্দুর রহিম, বুকিং সহকারী গ্রেড-২৬. মোঃ তরিকুল ইসলাম, বুকিং সহকারী গ্রেড-২।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ ও পরে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা করে রাতভর স্টেশন ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। পরদিন সকাল থেকে অবশ্য রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন কর্মীর সততা, সাহসিকতা ও সরকারি সম্পদের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিশেষ করে আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে না গিয়ে সরকারি অর্থ রক্ষায় ভূমিকা রাখায় তাঁদের সম্মাননা দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের এই সম্মাননা শুধু কর্মীদের সাহসিকতার স্বীকৃতি নয়; বরং দায়িত্বের প্রতি নিষ্ঠা, সরকারি সম্পদ রক্ষা এবং প্রতিকূল পরিস্থিতিতেও পেশাগত দায়িত্ব পালনের জন্য অন্য কর্মীদেরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ মাসুম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসা উল্লাহ ভূঁইয়া, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আমিনুল হাসান,ডেপুটিসিসিএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান, প্রধান বুকিং সহকারে আব্দুল মমিনসহ পশ্চিম রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।