অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর এবার সাতটি পরিবর্তন করেছেন তিনি। সবচেয়ে বড় চমক, ‘ফলস নাইন’ হিসেবে খেলবেন রাফিনিয়া।
প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা এন্দ্রিক এবার বেঞ্চে। তার জায়গায় আক্রমণভাগে শুরু করবেন রায়ান। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আক্রমণের বাকি দুই জায়গায় থাকছেন রাফিনিয়া ও রায়ান।
রাফিনিয়ার জন্য অবশ্য ‘নয়’ নম্বরে খেলা একেবারে নতুন অভিজ্ঞতা নয়। বার্সেলোনাতেও চলতি মৌসুমে তাকে আক্রমণের মাঝখানে ব্যবহার করা হচ্ছে। সেখানে নতুন ভূমিকায় দারুণ ছন্দে আছেন ব্রাজিলিয়ান এই তারকা। আট ম্যাচে করেছেন ১৪ গোল।
মাঝমাঠেও এসেছে পরিবর্তন। দানিলো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে প্রথমবার জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন সান্তোসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেপো। জাতীয় দলের মূল দলে এটিই তার প্রথম শুরু।
রক্ষণেও প্রায় পুরোপুরি নতুন চেহারা দেখা যাবে। গোলরক্ষক হিসেবে শুরু করবেন ওতাভিও। তার সামনে ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও মাউরো জুনিয়র। অর্থাৎ প্রথম ম্যাচের হুগো সুজা, মাতেউজিনিও, মারকিনিয়োস, ভিতোর রেইস ও দগলাস সান্তোস—এই পাঁচজনই এবার শুরুর একাদশের বাইরে।
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায়।
ব্রাজিলের একাদশ :
ওতাভিও; ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস, মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গুইমারেস, গ্যাব্রিয়েল বন্তেপো; রায়ান, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।