Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ অক্টোবর ২০২৬
০৪:৪৪ অপরাহ্ন

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

অনলাইন ডেস্ক Lionel Messi

বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের খাতাটা পরিপূর্ণ লিওনেল মেসির। এবার তার ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরেক গৌরব। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ) তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টরেট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। 


আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাকে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম কোনো অ্যাথলেটকে এই বিশেষ উপাধিতে ভূষিত করা হচ্ছে।


বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি মেসির এই অর্জনের পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, "পরিসংখ্যান বা মাঠের পারফরম্যান্সের বাইরেও মেসির ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। তিনি একজন বিনয়ী, পরিশ্রমী এবং আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক।"


তিনি আরও যোগ করেন, "খেলার মাঠ ছাপিয়ে তার প্রভাব ও গুরুত্বকে স্বীকৃতি জানাতেই আমাদের এই উদ্যোগ। ক্রীড়াজগতের মাধ্যমে তিনি এমন উচ্চতায় পৌঁছেছেন, যা আমাদের সমাজের জন্য একটি অনন্য অনুপ্রেরণা।"


বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরিষদ সর্বসম্মতভাবে এই প্রস্তাব অনুমোদন করে। তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার শ্রেষ্ঠত্ব, বিনম্রতা এবং নৈতিকতার এক অনন্য উদাহরণ। এ ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের প্রতি তার আজীবন দায়বদ্ধতা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খেলাধুলায় অসাধারণ অবদান রাখা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বদের এ ধরনের সম্মাননা দিয়ে থাকে। এবার সেই আন্তর্জাতিক ঐতিহ্যের সঙ্গেই নাম জুড়ল মেসির।


প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে পুরো ফুটবল বিশ্বের চোখ আটকে থাকবে। কারণ এই দিনে আর্জেন্টিনার রাজধানীতে আন্তর্জাতিক মঞ্চে গ্রেটেস্ট অব অল টাইম-এর যুগের অবসান ঘটতে চলেছে। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। বিশেষ এই ম্যাচটি ঘিরে এরই মধ্যে বড় পরিকল্পনা সাজিয়েছে আর্জেন্টিনা ফুটবল। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news