
ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।