নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক মা।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জুলেখা বেগম বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়।
জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করতেন সুমন। তিনি নেশাগ্রস্ত হয়ে মেয়েকে নিয়মিত মারধর করতেন। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে নিয়ে আসা হয়েছে। এরপর শুক্রবার সকালে নিজে দুধ দিয়ে গোসল করে তিনি তার ওয়াদা রক্ষা করেছেন।
মনিরা খাতুনের বাবা মহশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে ওয়াদা অনুযায়ী আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।
তবে নেশাগ্রস্থ ও মারধরের বিষয় জানতে চাইলে সুমন শেখ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।