Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ অক্টোবর ২০২৬
০৫:৪৯ অপরাহ্ন

ইংরেজিতে দক্ষতা বাড়াতে আরসিবিসির ৭ম ব্যাচ চালু

নিজস্ব প্রতিনিধি:- RCBC's 7th batch launched to improve English skills

চাকরি, উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ইংরেজিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার দক্ষতা বাড়াতে রাজশাহী কলেজে শুরু হচ্ছে ইংরেজি ভাষা কোর্সের ৭ম ব্যাচ। প্রজেক্ট হেডওয়ে ও ব্রিটিশ কাউন্সিলের সহোযোগিতায় কোর্সটির আয়োজন করছে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে কোর্সে ভর্তির নিবন্ধন কার্যক্রম। এতে রাজশাহী কলেজের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত চলমান শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

আয়োজকদের তথ্যমতে, কোর্সটিতে ইংরেজি ভাষার মৌলিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখার দক্ষতা, ব্যাকরণ, শব্দভান্ডার, কথোপকথন, উপস্থাপনা এবং জনসম্মুখে বক্তব্য দেওয়ার অনুশীলন।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রজেক্ট হেডওয়ে ও ব্রিটিশ কাউন্সিলের মাস্টার ট্রেইনার পল বিশ্বাস। ব্যবহারিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা বাড়ানোর ওপর কোর্সটিতে গুরুত্ব দেওয়া হবে।

আরসিবিসির মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নিজেকে এগিয়ে নেওয়া কঠিন। চাকরির সাক্ষাৎকার থেকে শুরু করে উচ্চশিক্ষা, উপস্থাপনা কিংবা কর্মক্ষেত্রে নিজের ভাবনা স্পষ্টভাবে তুলে ধরতে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা প্রয়োজন। অনেক শিক্ষার্থী বিষয়টি জানলেও ইংরেজিতে কথা বলার সময় আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে ইংরেজি চর্চার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

এদিকে কোর্সটিতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন কলেজের শিক্ষার্থীরাও। কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নুশরাত জাহান জুঁই বলেন, “ক্লাসে ইংরেজি পড়লেও সবার সামনে ইংরেজিতে কথা বলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। ফলে অনেক সময় জানা বিষয়ও বলতে গিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। এ ধরনের কোর্স নিয়মিত ইংরেজি চর্চার সুযোগ তৈরি করবে। বিশেষ করে ভবিষ্যতে চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য এটি কাজে আসবে বলে মনে করি।”

এবারের ব্যাচে সর্বোচ্চ ১৪০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। আসন পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে আয়োজকরা।

ক্লাবের সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন বলেন, “রাজশাহী কলেজ বিজনেস ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, জব ফেয়ার, চাকরির সুযোগ ও বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম নিয়ে কাজ করছে। এসব কার্যক্রমের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝেছি, একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংরেজিতে কার্যকর যোগাযোগের দক্ষতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজন থেকেই আমরা ধারাবাহিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আয়োজন করে আসছি, এবার শুরু হচ্ছে এর ৭ম ব্যাচ।”

নিবন্ধনের জন্য রাজশাহী কলেজ ক্যাম্পাসে তিনটি বুথ রাখা হয়েছে। বুথগুলো হলো -পদ্ম পুকুরের পশ্চিম পাশে ও কলাভবনের পূর্ব পাশে, রসায়ন ও মনোবিজ্ঞান বিভাগের সামনে এবং শহীদ আলী রায়হান ভবনের সামনে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এসব বুথে নিবন্ধন কার্যক্রম। কোর্সের বিস্তারিত তথ্য জানতে এবং নিবন্ধন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত বুথে যোগাযোগ করতে বলা হয়েছে। 

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলন ও ব্যবহারিক চর্চার মাধ্যমে এ কোর্স শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার জড়তা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের দক্ষভাবে উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি কার্যকর একটি সুযোগ তৈরি করবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news