Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ অক্টোবর ২০২৬
০৩:৩৩ অপরাহ্ন

রাবি ছাত্রীর মুঠোফোনে কুপ্রস্তাবের অভিযোগ, যুবককে পুলিশে সোপর্দ

আবুল কালাম আজাদ, রাজশাহী:- The youth was handed over to the police

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মুঠোফোনে কল করে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সালমানকে আটক করেন শিক্ষার্থীরা। পরে শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

অভিযুক্ত সালমান টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী ছাত্রী রাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী।

অভিযোগকারী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ওই ছাত্রীর সঙ্গে সালমানের পরিচয় হয়। দুই দিন আগে তিনি রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সালমান ওই ছাত্রীকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

পরে বিষয়টি তিনি বন্ধু ও পরিচিতদের জানান। একপর্যায়ে সালমানকে ফোন করে কৌশলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলা হয়। রাত দেড়টার দিকে তিনি ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযোগকারী ছাত্রী বলেন, তাঁকে রাত সাড়ে ৪টার দিকে কল করে শারীরিক সম্পর্কের পাশাপাশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, সালমান তাঁর সাবেক রুমমেটের প্রাক্তন প্রেমিক। এ ঘটনায় তিনি মামলা করে সুষ্ঠু বিচার চান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সালমান। তিনি বলেন, ‘আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করে থাকতে পারে। তাঁর সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।’

চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ দায়েরের জন্য ভুক্তভোগী ছাত্রীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত যুবককে শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news