
দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে মওদুদীকে ব্রিটিশদের তৈরি ও ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরির অভিযোগ তুলে মিনু বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণে আগামীতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশা করেন।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছে, তাদের সরিয়ে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতন চালিয়েছে ও দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্ম ভুলে গেলে চলবে না। দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলম। এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ জেলা ও মহানগর ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।