আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে হতে যাওয়া এই বিদায়ী ম্যাচটি ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের নজর।
টিওয়াইসি স্পোর্টসের খবর, এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (আর্জেন্টাইন এফএ) ট্রেনিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মেসি।
রোজারিওতে দুই দিন কাটিয়ে সেখানে থেকে সোজা বুয়েন্স আয়ার্সে অবতরণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী মেসি সরাসরি যোগ দেন দলের সঙ্গে।
এর আগে পরিকল্পনা অনুযায়ী বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটি খেলেননি। তবে আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তালে হতে যাওয়া এই ফিফা উইন্ডোর শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি। আলবিসেলেস্তে জার্সিতে এটিই হতে চলেছে মেসি শেষ উপস্থিতি।
গত দুই দশকে আর্জেন্টিনা ফুটবল আর লিওনেল মেসি ছিলেন একে অন্যের পরিপূরক। তাকে ছাড়া যেন ভাবাই যায় না আর্জেন্টিনাকে। এমন বন্ধন ছিন্ন হতে চলেছে আর কয়েক ঘণ্টা পর। দলের প্রাণভোমরাকে হারানোর বেদনা আর নতুন অধ্যায় শুরুর রোমাঞ্চ এখন আর্জেন্টিনার ক্যাম্পে।
আর্জেন্টাইন জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিশেষ এক জার্সি পরে মাঠে নামবেন এই মহাতারকা। ম্যাচ শেষে এই বিশেষ জার্সিটি তার ব্যক্তিগত জাদুঘরে স্থান পাবে, যেখানে সংরক্ষিত রয়েছে তার অগণিত শিরোপা ও পুরস্কার। বিশেষ এই জার্সিতে দুটি প্রশস্ত আকাশি নীল ও মাঝখানে একটি সাদা রঙের উলম্ব ফিতে থাকছে, যার ঠিক মাঝখানে থাকবে জাতীয় পতাকার সেই সূর্যটি। এ ছাড়া তার নাম ও নম্বর খচিত থাকবে সোনালী রঙে। মেসি বুটজোড়া তুলে রাখার পর এবার খালি হতে যাওয়া আইকনিক ১০ নম্বর জার্সিটি কে পাবেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
এদিকে, বেনিন ম্যাচের আগে আজ অনুষ্ঠিত হবে দলের শেষ অনুশীলন সেশন। ম্যাচটির আগে কোচ লিওনেল স্কালোনি ও খোদ লিওনেল মেসির সংবাদ সম্মেলনে কথা বলার কথা রয়েছে।