Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ অক্টোবর ২০২৬
০৩:০৩ অপরাহ্ন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ওয়ার্ড ভাঙচুর

আবুল কালাম আজাদ Death threats to intern doctors

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি এবং ওয়ার্ডে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।


সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় (RTA) গুরুতর আহত অবস্থায় এক রোগীকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। পরবর্তী মূল্যায়নের জন্য এক্স-রে ও সিটি স্ক্যানের পরামর্শ দেওয়ার পাশাপাশি রক্তের চাহিদাও দেওয়া হয়।


তবে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় রোগীর সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি ওয়ার্ডে ভাঙচুর করেন এবং কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে হত্যার হুমকি দেন। এমনকি তাঁদের ‘হত্যা করে ঝুলিয়ে রাখার’ হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে রামেকের বিভিন্ন হোস্টেল থেকে শিক্ষার্থীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। পরে ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের শিক্ষার্থীরা আটক করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।


চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনা আবারও উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা হাসপাতালে চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন—সবার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news