Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ অক্টোবর ২০২৬
০৮:৪৭ অপরাহ্ন

৯ শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী অরিজিৎ

অনলাইন ডেস্ক Musician Arijit

দুই দশকের সংগীতজীবন পূর্ণ করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। দীর্ঘ এই পথচলা উদযাপনে ভক্ত-শ্রোতাদের জন্য বড় আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৭ সালে ভারতের নয় শহরে স্টেডিয়াম স্কেলে কনসার্ট করবেন এই তারকা শিল্পী।

অরিজিতের ঘোষণার তথ্যানুযায়ী, আগামী জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এসব কনসার্ট।

সফরের তালিকায় রয়েছে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদ। তবে এই সফরে থাকছে না কলকাতা।

দুই দশকের সংগীতযাত্রাকে স্মরণীয় করে তুলতে কনসার্টগুলোতেও থাকছে বিশেষ আয়োজন। স্টেডিয়ামজুড়ে ৩৬০ ডিগ্রি অডিও, কাইনেটিক এলইডি ফিক্সচার, প্যানোরামিক স্ক্রিন ও লেজার অ্যারের মতো প্রযুক্তির ব্যবহার করা হবে।

ফলে শ্রোতারা শুধু গান নয়, বড় পরিসরের ভিজ্যুয়াল অভিজ্ঞতাও উপভোগ করার সুযোগ পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সফর নিয়ে অনুভূতি জানিয়েছেন অরিজিৎ।

তিনি বলেন, দুই দশকের সংগীতজীবন তার কাছে একটি দীর্ঘ সফরের মতো। এই পথচলার জন্য তিনি কৃতজ্ঞ এবং শ্রোতারাই তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভালোবাসাতেই গানগুলো মানুষের আপন হয়ে উঠেছে।

ভক্তদের উদ্দেশে অরিজিৎ আরও জানান, পুরো ভারত সফর এবং সরাসরি মঞ্চে গান করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অসংখ্য গান, স্মৃতি এবং মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ তাকে দারুণভাবে উচ্ছ্বসিত করছে।

অরিজিতের কনসার্ট ঘোষণার পরই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। গত ২০ বছরে তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ও হিন্দি ভাষাভাষী শ্রোতার কাছেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

এর আগে চলতি বছরের শুরুতে প্লেব্যাক সংগীত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন অরিজিৎ। এরপর নিজের মতো করে গান তৈরি, সিনেমা পরিচালনাসহ বিভিন্ন সৃজনশীল কাজেও যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি লাইভ কনসার্টেও নিয়মিত অংশ নিচ্ছেন।

এবার দুই দশকের সংগীতজীবন পূর্তিতে ভারতের ৯ শহরে স্টেডিয়াম কনসার্টের ঘোষণা দিয়ে ভক্তদের জন্য নতুন আয়োজনের বার্তা দিলেন অরিজিৎ সিং।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news