Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে জিম্মি করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- Hostage-taking and ransoming

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাড়িতে ডেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুলতানা (৩৯) ও মোঃ আসলাম আলী (৫৫)। এদের মধ্যে সুলতানা বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে বাস করছিলেন। অন্য আসামি আসলাম আলী পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া এলাকার বাসিন্দা।বর্তমানে তিনি তেরখাদিয়া ডাবতলা এলাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, আসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় আগে থেকেও পেনাল কোড আইনে মামলা রয়েছে।


​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস আগে মোবাইল ফোনে সুলতানার পরিচয় হয়। গত ৪ অক্টোবর বিকেলে দাওয়াত দিয়ে তাকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ভাড়া বাসায় ডেকে নেন সুলতানা। 

মনোয়ার বাসায় প্রবেশের পরপরই পূর্ব থেকে ওতপেতে থাকা সহযোগীরা দরজা বন্ধ করে তাকে আটকে রাখে। সেখানে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধরও করা হয়।


​পরবর্তীতে প্রাণভয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে ২৬ হাজার ৭০০ টাকা আনান ভুক্তভোগী। জিম্মিকারীরা বিকাশ এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৩০০ টাকা তুলে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে তিনটি ১০০ টাকার খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।


​ঘটনার পর দিন ভুক্তভোগী রাজপাড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে সুলতানা ও আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

​অভিযানকালে আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষর করা ৩টি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, আংশিক উদ্ধার করা ২৬ হাজার টাকা এবং সুলতানার কক্ষ থেকে আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করে পুলিশ।


​রাজপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news