Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসিকে 'মব' করে জোরপূর্বক পদত্যাগ: থানায় মামলা-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- Case filed at police station, 1 arrested

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও তাঁর একান্ত সচিব (সেকশন অফিসার) নাজমুল হোসাইনকে ‘মব’ সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন ভূক্তভোগী সেকশন অফিসার নাজমুল হোসাইন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।


​রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশ, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, সরকারি কাজে বাধা দান, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক লাঞ্ছনা, মালামাল লুট এবং অবরুদ্ধ করে রাখার সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। 


তিনি আরও জানান, গভীর রাতে অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



​ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ লেখা ব্যানার নিয়ে বিএনপি ও কৃষক দলের ৪০-৫০ জন নেতাকর্মী একটি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর কৃষক দলের আহ্বায়ক শামীম, রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ। 


তারা প্রথমে সজোরে দরজায় ধাক্কা দিয়ে উপাচার্যের কক্ষে ঢোকেন। এ সময় সাগর নামের এক বিএনপি কর্মী আগে থেকে প্রস্তুত করা একটি পদত্যাগপত্র হারুনুর রশীদের হাতে তুলে দেন। পরবর্তীতে হারুন ও সালাম উপাচার্যকে উক্ত পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।


এসময়,​উপাচার্যকে রক্ষা করতে তাঁর একান্ত সচিব নাজমুল হোসাইন এগিয়ে এলে তাঁকেও শারীরিকভাবে মারধর করে জোরপূর্বক পদত্যাগ করানো হয় এবং পরে উপাচার্যকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘আওয়ামী লীগের ভিসি হুঁশিয়ার, সাবধান’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।


​এদিকে উপাচার্যকে অপমান, অপদস্ত, লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগ করানোর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

​অপ্রীতিকর এ ঘটনার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 


কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হলেও স্বাভাবিক দাপ্তরিক কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, উপাচার্যের ওপর এমন হামলার পর কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ক্যাম্পাসে কাজের মতো উপযোগী পরিবেশ এখনও তৈরি হয়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news