
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৭২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার ( ৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে এ বাইসাইকেল প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেল হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
বাইসাইকেল বিতরণকালে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।