Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মেহজাবীন

অনলাইন ডেস্ক Actress Mehjabeen Chowdhury

গত বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের সময় সাজপোশাকে মুগ্ধ করেছিলেন ভক্তদের।


দেড় বছর পর ফের বিয়ের সাজে মেহজাবীন। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কেবলই কাজের খাতিরে এই সাজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ‘সাবা’ অভিনেত্রী।


তাতে দেখা গেলো, সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মেহজাবীন। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে আভিজাত্য। মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি আর কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে তার সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা। সব মিলিয়ে সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।


পোস্টের ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’


মেহজাবীনকে এই সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরা। অধিকাংশের মতে, বিয়ের দিনের চেয়েও এই সাজে বেশি সুন্দর লাগছে মেহজাবীনকে। একজন লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও’; আরেকজন লিখেছেন, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম’; অন্য একজনও একই সুরে লিখেছেন, ‘বিয়ের দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছে।’


অভিনয়ে ইদানিং খুব একটা দেখা যাচ্ছে না মেহজাবীনকে। হাতে রয়েছে সিনেমা। ভিকি জাহেদের ‘পুলসিরাত’-এ দেখা যাবে তাকে, আফরান নিশোর সঙ্গে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news