Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ অক্টোবর ২০২৬
০৩:৪৮ অপরাহ্ন

পর্যটকের মালামাল চুরি: যৌথ অভিযানে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী

আবুল কালাম আজাদ, ​বিশেষ প্রতিনিধি:- Theft of foreign tourist's belongings

নাটোর রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগার থেকে ক্রিল ল্যান্ডার নামের এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার বগুড়া থেকে দর্শনাগামী একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে ভুলবশত তিনি নাটোর রেলস্টেশনে নেমে পড়েন। পরবর্তীতে পরবর্তী ট্রেনের জন্য স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অপেক্ষা করার সময় এক অপরিচিত যুবক কৌশলে তার মূল্যবান মালামাল সম্বলিত ব্যাগটি নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।


এদিকে সংবাদকর্মীরদের  ক্রিল ইংরেজিতে পুরো ঘটনার বর্ণনা দেন।

ক্রিল জানান, দক্ষিণ এশিয়ার পর্যটনসমৃদ্ধ স্থানগুলো ভ্রমণের অংশ হিসেবে সম্প্রতি তিনি ঢাকায় আসেন। তিনি আজ দুপুর পর্যন্ত বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহাসিক স্থাপনা ঘুরেছেন। বেনাপোল হয়ে ভারত যাওয়ার উদ্দেশে ট্রেনযোগে বগুড়া থেকে দক্ষিণের ট্রানজিট পয়েন্ট নাটোরে বিকেলে বেলায় এসে পৌঁছান ক্রিল। পরিকল্পনা ছিল তিনি নাটোর থেকে সড়কপথে বেনাপোল পৌঁছাবেন।


ক্রিল জানান, বিকেল ৫টায় নাটোর রেলস্টেশনে নেমে বিশ্রামাগারে প্রবেশ করেন তিনি। এ সময় সেখানে অবস্থানকারী এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। কিছুক্ষণ পর ক্রিল নিজের ব্যাগটি সরল বিশ্বাসে ওই যুবকের কাছে রেখে এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য স্টেশনের বাইরে আসেন। কিছু সময় পর ফিরে এসে ক্রিল দেখেন সেখানে ওই যুবক ও তাঁর রেখে যাওয়া ব্যাগটি নেই। এ সময় তিনি খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।



​ঘটনার বিষয়ে নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বলেন, “ঘটনাটি ঘটার পরপরই আমরা স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশকে অবহিত করি। স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের প্রশাসনিক তদন্তে স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। যাত্রী নিরাপত্তায় স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।​এদিকে ঘটনার পরপরই মালামাল উদ্ধার ও অপরাধীকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী।


 রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,  ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে তারা পূর্ণ অবহিত রয়েছেন।

​"প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া মালামালের মধ্যে থাকা ইলেকট্রনিক ডিভাইসের অবস্থান প্রথমে রাজশাহীতে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে রেলওয়ে পুলিশ (জিআরপি), এস আর বি -৫, থানা পুলিশ, রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে গভীর রাতে ট্র্যাকিং আপডেট পেয়ে জানা যায় ছিনতাইকারী তার অবস্থান পরিবর্তন করে ঈশ্বরদীতে নিয়ে গেছে। অপরাধীকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।"


​তিনি আরও জোর দিয়ে বলেন, "বিদেশি নাগরিকরা আমাদের দেশের সম্মানিত অতিথি। তাদের জানমালের পূর্ণ নিরাপত্তা দেওয়া পুলিশ প্রশাসনসহ বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। রাজশাহী রেলওয়ে জিআরপি থানার সকল সদস্য এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অপরাধীকে শনাক্ত ও মালামাল উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"


​এদিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, “আমাদের দেশের অতিথি ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা বিধান রেলওয়ে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। বিদেশি এই পর্যটকের খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে রেলওয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”


​পুলিশ জানিয়েছে, নাটোর ও ঈশ্বরদীসহ আশপাশের রেলওয়ে স্টেশন এবং সম্ভাব্য আস্তানাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় মালামালসহ অভিযুক্তকে দ্রুততম সময়ে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।






© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news