Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক Minister of State resigns from Narendra Modi's cabinet

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। প্রতিমন্ত্রীর পদের পাশাপাশি রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।


মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান।


দেশটির একাধিক সূত্র বলেছে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যসভার এমপি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন এল মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের ভিত্তি শক্ত করার প্রতি সম্পূর্ণ সময় ও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুরুগান ওই পদত্যাগের খবর জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‌‌‘‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।’’


এল মুরুগান বলেন, ‘‘আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’’


ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মাঝেই এল মুরুগানের এই পদত্যাগের ঘটনা ঘটল। দেশটির জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভা এমপি এবং মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর এই জল্পনা শুরু হয়েছিল।


সূত্র: এনডিটিভি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news