
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো ফল আসেনি। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে হতাশার বৃত্ত থেকে বেরোতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারে। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের মেয়েরা। মিডল অর্ডার ব্যাটাররা নিজেদের প্রমাণ করলেও ব্যর্থ ছিলেন টপ অর্ডার ব্যাটাররা।
প্রধান কোচ ডেভিড হেম্পের চোখেও পড়েছে বিষয়টি। খুঁজছেন সমাধানের পথ। তবে মিডল অর্ডারে উন্নতির কথাও জানালেন। গণমাধ্যমকে এই কোচ বলছিলেন, 'কোনো ম্যাচের ফল আমাদের পক্ষে না থাকলেও ছোট ছোট বেশ কিছু বিষয়ে ভালো উন্নতি হয়েছে (মিডল অর্ডারে)। তবে সবসময়ই আরও কাজ করার বা গুছিয়ে নেওয়ার মতো জায়গা থাকে ব্যাটিংয়ে।'
টপ অর্ডার ব্যর্থতা ছিল সিরিজের তিন ম্যাচেই। এ প্রসঙ্গে হেম্প বলছিলেন, ‘ব্যাটিং গ্রুপের পরিকল্পনা হলো সবসময় রান তোলার কথা চিন্তা করা—ক্রিজে সক্রিয়-অ্যাক্টিভ থাকা। এই সিরিজে আমরা নির্দিষ্ট কিছু সময়ে এর প্রমাণ দেখেছি, তবে এটি পুরোপুরি আয়ত্ত করতে কিছুটা সময় লাগবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে, অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বের সেরা—আইসিসি তালিকাতে সেরা ১০ জনের মধ্যে তাদের ৩ জন ব্যাটসম্যান এবং ৫ জন বোলার রয়েছে, তাই এটি আমাদের জন্য খুব ভালো একটি পরীক্ষা ছিল।’