
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে খোয়া যাওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সঙ্গে জড়িত পাঁচজনকে আটকও করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, আটক পাঁচজন পেশাদার অপরাধী। তাদের বাড়ির রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করে নিয়ে গিয়েছিল।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি। এ বিষয়ে মামলা হবে। তারপর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে সকালে তারা জেলা ডিবি কার্যালয় গিয়েছিলেন। আটক পাঁচজনকে তাঁরা দেখেছেন। এদের কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা তাদের পোশাক পরেছিলেন। কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।
তিনি জানান, ক্রিকেটারদের লাগেজে যেসব মালামাল ছিল তার সবই পাওয়া গেছে। শুধু একজন ক্রিকেটারের লাগেজে তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাদের জানিয়েছে।
উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার(১৪ অক্টোবর) সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল।
বুধবার সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ক্রিকেটারদের আটটি লাগেজ নেই। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।